তাবাচ্ছুম হত্যা মামলায় আবু তাহেরের মৃত্যুদণ্ড

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
তাবাচ্ছুম হত্যা মামলায় আবু তাহেরের মৃত্যুদণ্ড

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে চার বছরের শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে (২৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

আজ সোমবার (২২ জুন) ঝিনাইদহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ছালেহুজ্জামান এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু তাহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদেডিহী গ্রামের রফি উদ্দীনের ছেলে। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু তাবাচ্ছুমকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় লম্পট আবু তাহের। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে শিশুটি যন্ত্রণায় চিৎকার শুরু করলে, ঘাতক নিজের পরনের লুঙ্গি দিয়ে তার মুখ ও নাক চেপে ধরে। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনা ধামাচাপা দিতে ওই রাতেই ঘাতক শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে পার্শ্ববর্তী আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রেখে পালিয়ে যায়। তবে পুলিশের সাঁড়াশি অভিযানে ওই রাতেই কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আবু তাহের আদালতে ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়।

কালীগঞ্জ থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা জেল্লাল হোসেন গত ১৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। মাত্র ৫ কর্মদিবসে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় প্রদান করলেন। রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) অ্যাডভোকেট মো. আকিদুল ইসলাম সন্তোষ প্রকাশ করে বলেন, "দ্রুততম সময়ের মধ্যে এই রায় ন্যায়বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন