শাশুড়িকে নিয়ে পালালেন জামাই, ফিরে আসায় এলাকায় তোলপাড়

শাশুড়িকে নিয়ে পালালেন জামাই, ফিরে আসায় এলাকায় তোলপাড়

নাহিদ জামান, মাদারীপুর: মাদারীপুরে জামাই ও শাশুড়ির পরকীয়া প্রেমের জেরে পালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত দুই সপ্তাহ আগে শাশুড়ি হোসনেয়ারাকে নিয়ে জামাই রাহুল মাতুব্বর পালিয়ে যান। আজ তারা পুনরায় বাড়িতে ফিরে আসলে এবং স্ত্রী ও শাশুড়িকে একই ঘরে তোলায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাহুল মাতুব্বরের সাথে হোসনেয়ারার মেয়ে তামান্নার বিয়ে হওয়ার পর থেকেই জামাই ও শাশুড়ির মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গত দুই সপ্তাহ আগে তারা গোপনে পালিয়ে গিয়ে আত্মগোপন করেন। আজ হঠাৎ তারা এলাকায় ফিরে আসলে পরিস্থিতি জটিল রূপ নেয়। একদিকে স্বামী রাহুলকে ফিরে পেয়ে স্ত্রী তামান্না খুশি হওয়ার বদলে নিজের মায়ের সাথে স্বামীর এমন সম্পর্ক দেখে কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে, তামান্নার বাবা প্রবাসী মনির মাতুব্বর প্রবাস থেকে পাঠানো আয়ের সর্বস্ব খুইয়ে এখন দিশেহারা।

স্থানীয়রা জানান, তামান্নার বাবা মনির মাতুব্বর দীর্ঘকাল প্রবাসে থেকে তার উপার্জিত সমস্ত টাকা স্ত্রী হোসনেয়ারার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন। স্ত্রী ও জামাইয়ের এই পালানোর খবর শুনে তিন দিন আগে তিনি দেশে ফিরে আসেন। সহায়-সম্বল সব স্ত্রীর হাতে থাকায় এবং বর্তমান পরিস্থিতিতে তিনি কোনো শক্ত সিদ্ধান্ত নিতে পারছেন না বলে জানা গেছে।

এদিকে, একই ঘরে মা ও মেয়েকে জামাইয়ের সাথে থাকতে দেখে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন। পরিস্থিতি সামাল দিতে এবং বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মুরুব্বিরা আলোচনার চেষ্টা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, তামান্নার ভবিষ্যৎ ও পারিবারিক সম্মানের কথা চিন্তা করে সালিশি বৈঠকের মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে। তবে গ্রামবাসী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একই ঘরে মা ও মেয়ের এভাবে থাকা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বর্তমানে ওই বাড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রবাস ফেরত মনির মাতুব্বর তার কষ্টার্জিত অর্থ ও পারিবারিক সম্মান পুনরুদ্ধারে আইনি না কি সামাজিক সহায়তা নেবেন, সেদিকেই তাকিয়ে আছে এলাকাবাসী।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন