লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে প্রশাসনের আন্তরিকতার ঘাটতি রয়েছে: মজিবুর রহমান মঞ্জু

লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে প্রশাসনের আন্তরিকতার ঘাটতি রয়েছে: মজিবুর রহমান মঞ্জু

ফেনী প্রতিনিধি: ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেছেন যে, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের আন্তরিকতার ঘাটতি রয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

মজিবুর রহমান মঞ্জু জানান, গত বুধবার রাতে ফেনীর মোটবী ও ইজ্জতপুরসহ বিভিন্ন স্থানে তাদের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে এবং ব্যানার-বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, “ছোট ছোট এসব ঘটনা পরবর্তীতে বড় সহিংসতায় রূপ নিতে পারে। আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

প্রশাসনের সমালোচনা করে মঞ্জু বলেন, বিএনপির ক্যারাভান চললেও ব্যবস্থা নেওয়া হয় না, অথচ তাদের জরিমানা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, “বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রলোভন দেখিয়ে প্রচার চালাচ্ছে। আমাদের জরিমানা করার পর অভিযোগ দিলে টাকা ফেরত দেওয়া হয়েছে, কিন্তু এতে আমার সাংগঠনিক সুনাম ক্ষুণ্ন হয়েছে। পতিত সরকারের দোসররা বিএনপির সাথে মিশে কোনো ষড়যন্ত্র করছে কি না, তা খতিয়ে দেখা দরকার।”

একই দিন সকালে সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোর বাজার ও কে এম হাটে গণসংযোগ করেন তিনি। ভোটারদের উদ্দেশে মঞ্জু বলেন, “৫৫ বছর ধরে সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। চাঁদাবাজি, মাদক আর নিরাপত্তাহীনতা কাটেনি।” তিনি দেশের পরিবর্তনের জন্য ‘ঈগল’ প্রতীকে ভোট এবং গণভোটে ‘হ্যাঁ’ সূচক রায় দেওয়ার আহ্বান জানান।

পুলিশ সুপারের সাথে সাক্ষাৎকালে জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম এবং এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

এফ.এন/সকালবেলা

মন্তব্য করুন