বাজিতপুরে ভূমিহীনের বন্দোবস্তের খাস জমিতে উঠছে প্রভাবশালীর দালান

বাজিতপুরে ভূমিহীনের বন্দোবস্তের খাস জমিতে উঠছে প্রভাবশালীর দালান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কিশোরগঞ্জের বাজিতপুরের পিরিজপুর বাজারের পাশে সরকারি খাস জমি জোরপূর্বক দখল করে পাকা মার্কেট নির্মাণ করার অভিযোগ উঠেছে আব্দুল হামিদ নামের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অথচ এই জমিটি প্রায় ২৬ বছর আগে স্থানীয় ভূমিহীন কৃষক মো. হাছেন আলীকে (৮৩) সরকার ইজারা বন্দোবস্ত দিয়েছিল। বর্তমানে দখলের প্রতিবাদ করতে গিয়ে ওই বৃদ্ধ প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন।

ভুক্তভোগী মো. হাছেন আলী জানান, ২০০০ সালে সরকার তাকে পিরিজপুর মৌজার ৩২০৯ নম্বর দাগের ৩ শতাংশ খাস জমি ভূমিহীন হিসেবে বন্দোবস্ত দেয়, যার মেয়াদ ২০৯৯ সাল পর্যন্ত। সম্প্রতি আব্দুল হামিদ সেই জমি দখল করে মার্কেট নির্মাণ শুরু করেন। কাগজপত্র ঘেঁটে দেখা যায়, ওই দাগের মোট ৬ শতাংশ জমির মধ্যে ৩ শতাংশ খাস। অভিযোগ রয়েছে, আব্দুল হামিদ মাত্র ১ শতাংশ জমি ক্রয় করলেও অবৈধ উপায়ে খাস জমিসহ মোট ৩ শতাংশ নিজের নামে জমাখারিজ করে নিয়েছেন।

জমি পুনরুদ্ধারের জন্য বৃদ্ধ হাছেন আলী জেলা প্রশাসক ও ভূমি অফিসে বারবার আবেদন করলেও দীর্ঘদিন ধরে প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তবে বিষয়টি নিয়ে সংবাদকর্মীরা তৎপর হওয়ার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। অভিযুক্ত আব্দুল হামিদ দাবি করেছেন, তার কেনা জমিতেই তিনি মার্কেট নির্মাণ করছেন। তবে খাস জমি কীভাবে তার নামে জমাখারিজ হলো, সে বিষয়ে তিনি সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এ বিষয়ে বাজিতপুর উপজেলা ভূমি অফিস জানায়, আজ সোমবার (৬ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ সংক্রান্ত শুনানি করবেন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান জানিয়েছেন, তথ্য গোপন করে নামজারি করা হলে তা বাতিল করা হবে এবং নিয়ম অনুযায়ী আবেদন করলে অবৈধ দখল উচ্ছেদ করে ভুক্তভোগীকে জমি বুঝিয়ে দেওয়া হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন