ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) : রংপুরের পীরগাছা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। সরকারি এই হাসপাতালে বিনামূল্যে সেবা পাওয়ার কথা থাকলেও খামারিদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, আর জরুরি প্রয়োজনে মিলছে না চিকিৎসকের দেখা।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরো হাসপাতালজুড়ে কোনো চিকিৎসক উপস্থিত নেই। ওই সময় সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যাওয়া একটি ছাগল এবং জ্বরে অচেতন আরেকটি ছাগল নিয়ে দুই খামারি হন্যে হয়ে চিকিৎসক খুঁজলেও কাউকে পাননি। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বেলা দেড়টায় ভেটেরিনারি সার্জন ডা. উৎপল রায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধির মোটরসাইকেলে চড়ে হাসপাতালে আসেন। কর্মঘণ্টায় হাসপাতালে না থাকার বিষয়ে তিনি দাবি করেন, সরকারি গাড়িতে তেল না থাকায় তিনি কোম্পানির লোকের বাইকে জরুরি কাজে বাইরে গিয়েছিলেন।
স্থানীয় খামারি শাহাদুল ইসলাম ও হাবিব সরকারের অভিযোগ, সরকারি ওষুধ থাকার পরও তাদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়। মাঠপর্যায়ের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টদের (ভিএফএ) ফোনে পাওয়া যায় না, আর এলেও ৫০০ থেকে ১০০০ টাকা না দিলে তারা অসন্তোষ প্রকাশ করেন। এমনকি বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও সরকারি রেবিস ভ্যাকসিন অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগ উঠেছে।
খামারিরা জানান, অনেক শ্রম ও অর্থ বিনিয়োগ করে তারা খামার গড়ে তুলেছেন। কিন্তু পশু অসুস্থ হলে সময়মতো সেবা না পাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। মাঠপর্যায়ে সরকারি সহায়তার বদলে হয়রানিই এখন তাদের নিত্যসঙ্গী।
অনিয়মের বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একরামুল হক জানান, জনবল সংকটের কারণে প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে উপ-সহকারী প্রাণিসম্পদ সম্প্রসারণ ও উপ-সহকারী প্রাণিসম্পদ (প্রাণী স্বাস্থ্য) পদ দুটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। তবে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
পীরগাছার ভুক্তভোগী খামারিরা এই অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ