ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে নামাজরত অবস্থায় শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক পুত্রবধূ ছেনুয়ারা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাশুড়ির নাম মনোয়ারা বেগম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মনোয়ারা বেগমের ছেলে মো. ইদ্রিস পেশায় একজন জেলে। শুক্রবার বিকেলে তিনি মাছ ধরতে সাগরে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধূ ছেনুয়ারা বেগম ধারালো দা দিয়ে নামাজরত শাশুড়ির গলায় কুপিয়ে গুরুতর জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শামলাপুর হাসপাতাল এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, গত কয়েকদিন আগে পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে ছেনুয়ারা বেগমের বাকবিতণ্ডা হয়। এর জেরে তিনি বাপের বাড়ি চলে গেলেও গত ২৯ জানুয়ারি পুনরায় শ্বশুরবাড়িতে ফিরে আসেন। বাহ্যিকভাবে সম্পর্ক স্বাভাবিক মনে হলেও মনে ক্ষোভ পুষে রেখে তিনি এই হত্যাকাণ্ড ঘটান বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ব্যবহৃত দা-টি ঘরের চালের ওপর ছুড়ে ফেলে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা ছেনুয়ারাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের শাশুড়িকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) দুর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ছেনুয়ারা বেগমকে আটক করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ