ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় নড়াইল জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব মোঃ শোয়েব মিনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে শোয়েব মিনাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে নড়াইল জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম রুবেলকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এই আসনে স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) হিসেবে লড়ছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বহিষ্কৃত শোয়েব মিনা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছিলেন বলে অভিযোগ ছিল।
উল্লেখ্য, একই অভিযোগে গত ২১ জানুয়ারি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে এবং ২৭ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে আরও ৬ জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল। নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনগুলো বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ