বেগমগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে তরুণ খুন, আহত ২

বেগমগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে তরুণ খুন, আহত ২

মো. ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে আরিফ (২৫) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের আরও দুই চাচাতো ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রুগুরামপুর গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এলাকায় বাজি ধরে ক্রিকেট খেলা চলাকালীন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। আরিফ ওই বিরোধ মীমাংসার চেষ্টা করলে একই দিন সন্ধ্যায় স্থানীয় একটি দোকানে তাকে মারধর করা হয়। এর জেরে পরদিন শুক্রবার সন্ধ্যায় রুগুরামপুর গ্রামে আবারও তাঁর ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। একপর্যায়ে আরিফের বুকে ছুরিকাঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত আরিফের দুই চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন