ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। জেলাজুড়ে মোট ৫১৫টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৩ লাখ ৩৪ হাজার ৬৯৪ জন ভোটার। প্রশাসন জানিয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, মানিকগঞ্জের ৬৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ভোটারদের জন্য ৫১৫টি কেন্দ্র ও ২ হাজার ৬১৪টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ-১ আসনে ১৭৯টি, মানিকগঞ্জ-২ আসনে সর্বোচ্চ ১৮৫টি এবং মানিকগঞ্জ-৩ আসনে ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পুরো জেলার মধ্যে কেবল মানিকগঞ্জ-২ আসনেই ২টি অস্থায়ী ভোটকেন্দ্র রাখা হয়েছে। বাকি আসনগুলোতে স্থায়ী কেন্দ্রে অস্থায়ী ভোটকক্ষ তৈরির মাধ্যমে চাপ সামাল দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম জানান, ভোটারদের সুবিধার্থে এবার বিশেষ ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। গুগল ম্যাপের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্র সহজে খুঁজে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে নতুন ভোটারসহ সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই কেন্দ্রে পৌঁছাতে পারেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পর্যাপ্ত ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এতে ভোটারদের ভিড় কমানো এবং প্রক্রিয়াটি স্বাভাবিক রাখা সম্ভব হবে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ভোটারদের চাপ সামলাতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ