চুয়াডাঙ্গায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

চুয়াডাঙ্গায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারীরা। বাংলাদেশ তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি সমন্বয় পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কয়েকশ কর্মচারী অংশ নেন।

কর্মচারী সমিতি সমন্বয় পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার জ্যেষ্ঠ সভাপতি হামিদুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান, শফিকুল ইসলাম, তৌহিদুর রহমান ও মামুন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “বিগত ২০১৫ সালের পর দীর্ঘ ১০ বছর অতিবাহিত হলেও নতুন কোনো পে-স্কেল ঘোষণা করা হয়নি। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সামান্য বেতনে পরিবার নিয়ে চলা অসম্ভব হয়ে পড়েছে। জীবনমান উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

বক্তারা আরও অভিযোগ করেন যে, বেতন কমিশনের রিপোর্ট জমা পড়লেও সরকার গেজেট প্রকাশে কালক্ষেপণ করছে। দাবি আদায় না হলে আগামীতে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় এই মানববন্ধন অনুষ্ঠিত হলো।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন