ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনটি ঘিরেই এখন উত্তরবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে প্রার্থী নির্বাচনের নতুন সমীকরণ।
জিয়া পরিবারের পৈত্রিক এই আসনটির সাথে দলের আবেগ ও ঐতিহ্য মিশে আছে। ফলে শূন্য হওয়া আসনে ধানের শীষের কাণ্ডারি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জিয়া পরিবারের তিন নারী সদস্য। তারা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, তাদের কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান (সিঁথি)।
তবে জিয়া পরিবারের পাশাপাশি স্থানীয় পরীক্ষিত নেতৃত্বকে সংসদে পাঠানোর দাবিও উঠেছে দলের তৃণমূল থেকে। আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থাকা নেতাদের মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতা জানান, বগুড়া-৬ শুধু একটি আসন নয়, এটি দলের ঐতিহ্যের অংশ। তবে তৃণমূল চায় এবার এমন কাউকে দেওয়া হোক যিনি রাজপথে সক্রিয় ছিলেন। এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, দলের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আসনটি ছাড়া হয়েছে। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষেই কাজ করবে।
বগুড়া শহরের সাতমাথা এলাকার ভোটারদের মাঝেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, বগুড়া দীর্ঘদিন অবহেলিত ছিল, এখন দল ক্ষমতায় থাকায় এমন এমপি প্রয়োজন যিনি এলাকায় বড় উন্নয়ন প্রকল্প আনতে পারবেন। তরুণ ভোটাররা কর্মসংস্থান ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছেন, অন্যদিকে সাধারণ মানুষ এমন একজনকে প্রতিনিধি হিসেবে পেতে চান যিনি নিয়মিত এলাকায় সময় দেবেন।
বিএনপির দুর্ভেদ্য এই দুর্গে জামায়াতে ইসলামী প্রার্থী দেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। দলটির বগুড়া শহর আমির আবিদুর রহমান সোহেল জানিয়েছেন, বিষয়টি কেন্দ্র থেকে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের পর এটিই প্রথম উপনির্বাচন হতে যাচ্ছে, তাই এই আসনে প্রার্থীর নাম ঘোষণার মাধ্যমে বিএনপি কোন ধরনের নেতৃত্ব সামনে আনতে চায়, তার একটি স্পষ্ট বার্তা পাওয়া যাবে। উল্লেখ্য, পহেলা বৈশাখের আগেই এই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ