মাদারীপুর-২ আসনে কামরুল ইসলাম সাঈদ আনসারীর র‍্যালি ও প্রচারণা

মাদারীপুর-২ আসনে কামরুল ইসলাম সাঈদ আনসারীর র‍্যালি ও প্রচারণা

মাদারীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মাদ কামরুল ইসলাম সাঈদ আনসারীর সমর্থনে এক বিশাল নির্বাচনী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে র‍্যালিটি শহরের ইটেরপুল এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিসিক শিল্প নগরীতে গিয়ে শেষ হয়।

নির্বাচনী প্রতীক ‘হরিণ’ মার্কার সমর্থনে আয়োজিত এই র‍্যালিতে কামরুল ইসলাম সাঈদ আনসারীর বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। র‍্যালি চলাকালে তিনি সাধারণ ভোটার ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে তাঁর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

পথসভায় কামরুল ইসলাম সাঈদ আনসারী বলেন, “রাজনীতি আমার কাছে জনসেবার মাধ্যম। আমি নির্বাচিত হলে মাদারীপুর-২ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলব।” তিনি আরও বলেন, এই এলাকার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে তাঁর বিশেষ পরিকল্পনা রয়েছে যা তিনি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন।

তবে প্রচারণা চলাকালে তিনি অভিযোগ করেন যে, তাঁর ‘হরিণ’ মার্কার পক্ষে কাজ করতে গিয়ে সমর্থকরা বিভিন্ন মহলের পক্ষ থেকে হুমকি ও ভয়ভীতির শিকার হচ্ছেন। কিছু অসাধু ব্যক্তি ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করছে বলে দাবি করে তিনি বলেন, “মামলা-হামলা বা ভয় দেখিয়ে জনগণের জোয়ার থামানো যাবে না। আমার কর্মীরা ন্যায়ের পথে থেকে প্রচারণা চালিয়ে যাবে।” তিনি ভোটারদের সব ভয়ভীতি উপেক্ষা করে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন