বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারী দম্পতি গ্রেফতার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও একটি মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক কারবারী মো. রুবেল এবং তাঁর স্ত্রী মোছা. রহিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৭ মে) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকা থেকে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ টিম তাঁদের গ্রেফতার করে।
বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকস দল সাতগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ওত পেতে থাকে। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। পরে মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালালে আরোহী দম্পতির কাছে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ এবং মাদক কারবারী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ তালিকা করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত দম্পতি পেশাদার আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— ১। মো. রুবেল: পিতা- মইন উদ্দিন। পুলিশের রেকর্ড অনুযায়ী তাঁর বিরুদ্ধে পূর্বের ১৩টি মাদক মামলা রয়েছে। ২। মোছা. রহিমা আক্তার: স্বামী- মো. রুবেল। তাঁর বিরুদ্ধে পূর্বের ০২টি মাদক মামলা রয়েছে। উভয়ের স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন রাজাপুর (পূর্ব পাড়া, মিন্টু চৌধুরীর বাড়ি সংলগ্ন) এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. রুবেল এলাকার একজন চিহ্নিত ও কুখ্যাত শীর্ষ মাদক সম্রাট। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান এনে বিভিন্ন জেলায় সিন্ডিকেট চালিয়ে আসছিল। এই কাজে তাঁর স্ত্রী রহিমা আক্তারও তাকে সরাসরি সহযোগিতা করত।
এই গ্রেফতারের ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এমন সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা