দলিল না থাকলে জামায়াত বলত, দেশটা তারা স্বাধীন করেছে: উর্মি

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ণ
দলিল না থাকলে জামায়াত বলত, দেশটা তারা স্বাধীন করেছে: উর্মি

অনলাইন ডেস্ক: দ্বিচারী বা দ্বিমুখী নীতি অবলম্বনকারী রাজনৈতিক দলকে বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নৌরিন উর্মি। জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “তারা (জামায়াত) দেশের যেকোনো রেভল্যুশন বা বিপ্লবের কৃতিত্ব নিজেদের দাবি করার চেষ্টা করে। লিখিত কোনো দলিল বা ইতিহাস না থাকলে তারা হয়তো বলত, এই দেশটাও তারাই স্বাধীন করেছে।”

সম্প্রতি গণমাধ্যমের একটি জনপ্রিয় সাক্ষাৎকারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

জান্নাতুল নৌরিন উর্মি অভিযোগ করে বলেন, “একটি নির্দিষ্ট গোষ্ঠী রয়েছে যারা সব সময় সুযোগসন্ধানী। তারা সবসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার রাজনীতি পছন্দ করে। স্বাধীনতার সময় তারা স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করেছিল। পরবর্তীতে তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাঁধে ভর করে এবং ধর্মকে নিজেদের স্বার্থে পুঁজি করে রাজনীতি শুরু করে। তারা নারীর স্বাধীনতাকে একপ্রকার কুক্ষিগত করার অপচেষ্টা চালায় এবং সব সময় যেকোনো গণ-আন্দোলনের ক্রেডিট নিজেরা নেওয়ার ধান্দায় থাকে।”

জুলাই অভ্যুত্থানকে সার্বজনীন আখ্যা দিয়ে ছাত্রদলের এই নেত্রী বলেন, “জুলাই বিপ্লব এদেশের আপামর জনগণের। জুলাইয়ের নির্দিষ্ট কোনো একক স্টেকহোল্ডার কিংবা কোনো ‘মাস্টারমাইন্ড’ নেই। জুলাই সবার মস্তিষ্কে ছিল এবং এর চেতনা সবার। জুলাই যেমন সার্বজনীন, বাংলাদেশের স্বাধীনতাও তেমনি সার্বজনীন।”

তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংসদে দেওয়া কিছু বক্তব্য নিয়ে উদাহরণ টেনে বলেন, “সেদিন একজন সংসদ সদস্য দাবি করলেন তাঁর বাবা শহীদ মুক্তিযোদ্ধা ছিলেন। অথচ পরে দেখা গেল, তাঁর বাবা মুক্তিযুদ্ধের ১০ বছর পর জন্মগ্রহণ করেছেন! এ ধরনের গালগল্প রাজনীতির মাঠে অনেকেই বলতে পারে, কিন্তু দেশের মানুষ এদের নেতৃত্বে কোনো অধিকারের আন্দোলন করবে না।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রসঙ্গে উর্মি বলেন, “জুলাইয়ের কিছু তরুণের প্রতি আমার অনেক স্বপ্ন ও ভরসা ছিল। কিন্তু তারা ‘সমন্বয়ক’ নাম নিয়ে জনগণের সেই প্রত্যাশা ও তারুণ্যের আস্থার জায়গায় পুরোপুরি দাঁড়িয়ে থাকতে পারেনি। সেখানে আমার অনেক বন্ধু ও সহযোদ্ধারাও ছিল। আমরা আশা রাখি, তারা সাম্যের রাজনীতিতে জনমুখী কাজ করে আবার মানুষের মাঝে ফিরে আসবে।”

তিনি আরও যোগ করেন, “আমি ছাত্রদল করলেও শুধু বিএনপিই একা দেশ চালাবে—এমনটা আশা করি না। আমি চাই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদকে সবার জন্য সার্বজনীন করছেন। জুলাই আন্দোলন যেভাবে রিয়া গোপ, ওয়াসিম, আবু সাঈদ, রিকশাচালক থেকে শুরু করে এলিট ও মধ্যবিত্ত সবার ছিল, ঠিক তেমনি আগামী দিনের বাংলাদেশও সবার হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন