সিলেট পৌঁছলেন তারেক রহমান

সিলেট পৌঁছলেন তারেক রহমান

সিলেট পৌঁছলেন তারেক রহমান

ভোটের আনুষ্ঠানিক প্রচারাভিযানে নামার লক্ষ্যে সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাত ৮টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তারেক রহমানের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তার স্ত্রী জুবাইদা রহমানও আছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাতে সাংবাদিকদের বলেন, “বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে অংশ নিতে তারেক রহমান সিলেট পৌঁছেছেন। তিনি হয়রত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন।”

এদিন সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

আজ সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমীন জানান, সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। 

তিনি গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

সিলেট সফর শেষে তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউছিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো কর্মসূচি বা নির্বাচনী প্রচারণা শুরুর আগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত একটি দীর্ঘদিনের ঐতিহ্য। তারেক রহমানের এই সফর সেই আধ্যাত্মিক ও রাজনৈতিক ঐতিহ্যেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।
আই.এ/সকালবেলা

মন্তব্য করুন