ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ণ
ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক: দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী বলেন, "ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার—নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ।"

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, হিন্দু ধর্মমতে দেবী দুর্গা মর্ত্যলোকে আগমন করেন জগত থেকে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের সুরক্ষায়। এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে এক অনন্য মাত্রা এনে দিয়েছে।

তিনি আরও বলেন, "হাজারো শহীদের আত্মত্যাগে ফ্যাসিবাদ বিতাড়নের পর বাংলাদেশ নতুন করে গণতন্ত্র ও দেশ পুনর্গঠনের পথে যাত্রা শুরু করেছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা। তাই নিজ নিজ সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখা জরুরি।"

সনাতন ধর্মাবলম্বী সমাজকে নিশ্চিন্ত ও নিরাপদে উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, দেশের আবহমান কাল ধরে চলে আসা সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যকে যেকোনো মূল্যে রক্ষা করা হবে।

এআইএল/সকালবেলা