ভালুকায় তিন মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ণ
ভালুকায় তিন মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

জাকির হোসাইন রাজু (ভালুকা-ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে তিন মাদকসেবীকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোয়ারী বিল্লাল মার্কেট এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যক্ষ সহযোগিতায় ওই তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ভালুকা পৌরসভার মোচারভিটা এলাকার বাসিন্দা হাসিব, তুর্য এবং দুলাল রবিদাস। আদালত বিচারিক প্রক্রিয়া শেষে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাজাপ্রাপ্ত তিন মাদকসেবীকে জেলহাজতে প্রেরণের উদ্দেশ্যে ভালুকা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

উপজেলায় মাদকের কড়াল গ্রাস থেকে তরুণ সমাজকে বাঁচাতে ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এআইএল/সকালবেলা