হঠাৎ পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে ৩ দালাল ধরলেন এমপি মানিক
বিশেষ প্রতিনিধি: দালাল ও দুর্নীতিমুক্ত সেবামুখী পরিবেশ নিশ্চিত করতে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় হাতেনাতে তিন দালালকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সাথে কথা বলেন এবং পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রয়েছে কি না—সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানি ও দালালির সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে শনাক্ত করে আটক করেন সংসদ সদস্য। পরবর্তীতে তাদের চাঁদপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পরিদর্শন শেষে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদিকদের বলেন, "পাসপোর্ট অফিসে এসে যা দেখলাম, এখানকার সার্বিক পরিবেশ সন্তোষজনক নয়। দেশের কাক্সিক্ষত অগ্রগতি ও উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা চাঁদপুর পাসপোর্ট অফিসকে সম্পূর্ণ দুর্নীতি ও দালালমুক্ত হিসেবে দেখতে চাই। সাংবাদিক ভাইদেরও নিয়মিত খোঁজখবর রাখার অনুরোধ জানাচ্ছি।"
সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সহজে পাসপোর্ট সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরে স্বচ্ছতা ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক তিন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা