বিরোধী দল সমিতির মতো আচরণ করছে: খোকন তালুকদার

প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ণ
বিরোধী দল সমিতির মতো আচরণ করছে: খোকন তালুকদার

বি. এম. হানিফ (কালকিনি-মাদারীপুর): বর্তমান বিরোধী দল কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের মতো আচরণ করছে না উল্লেখ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, "আমার মনে হয় এটি কোনো রাজনীতিভিত্তিক দল নয়, বরং একটি সমিতি। এই সমিতির কতিপয় লোক রয়েছে, যারা সার্বক্ষণিক অপতৎপরতায় লিপ্ত থাকে।"

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২২টি পূজা মণ্ডপে সরকারি ত্রাণ হিসেবে চাল বিতরণ কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।

এ সময় অন্যান্যের মধ্যে কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা