তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: পানিসম্পদমন্ত্রী
বিশেষ প্রতিনিধি (লক্ষ্মীপুর): সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি রেস্তোরাঁয় ‘লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদ’-এর ২১তম বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী বলেন, "সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বকে গতিশীল করাই এখন সময়ের বড় দাবি। গত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাভাবিক পরিবেশকে ধরে রাখতে হবে। আমরা এতদিন রাজনৈতিক লড়াই করেছি, এখন আমাদের জীবনসংগ্রামে এগিয়ে যেতে হবে।"
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ ঐক্য বজায় রেখে নতুন নির্বাচনী যাত্রাকে আরও সুদৃঢ় করতে হবে। গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হলে সাধারণ দৈনন্দিন কাজের মাধ্যমেই দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা