কুয়াকাটায় শিশু নিখোঁজের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
জাহিদ শিকদার (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার পাশ থেকে ১০ মাসের শিশু রাইয়ান নিখোঁজের চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত বোনজামাই আল-আমিনকে (৪০) গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাতে কলাপাড়া থানায় শিশুটির মা রুমানা বেগম বাদী হয়ে তাঁর বোনজামাই আল-আমিনকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করে অপহরণ মামলা করেন। এর আগে দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাবা রাসেল খান ১০ মাসের শিশুপুত্র রাইয়ানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন মা রুমানা বেগম। সকাল সোয়া ৬টার দিকে ঘুম ভেঙে রাসেল ঘরে বোনজামাই আল-আমিনকে দেখতে পান এবং পুনরায় ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর জেগে উঠে তিনি আর সন্তানকে খুঁজে পাননি।
পারিবারিক বিভিন্ন বিরোধের জেরে আল-আমিন ইতিপূর্বেও শিশু রাইয়ানকে অপহরণের হুমকি দিয়েছিলেন বলে স্বজনেরা দাবি করেন। এই ঘটনায় গোটা এলাকায় তুমুল গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শিশুটিকে দ্রুত উদ্ধারে পুলিশের বিশেষ তদন্ত ও তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা