সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ণ
সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সকালবেলা ডেস্ক: রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শাহাদাতের সহযোগী হিসেবে কাজ করতেন অনিক। অনিক মূলত শাহাদাত ও ইব্রাহিমের প্রতিনিধি হিসেবে নানা অপকর্ম পরিচালনা করতেন। অপরাধমূলক আন্ডারগ্রাউন্ড কর্মকাণ্ডে যুক্ত থাকার বিষয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) শফিকুর রহমান বলেন, ‘কিছুক্ষণ আগে তাঁকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।’

আবু সাঈদের ছেলে শাহ আলম অনিকের গ্রামের বাড়ি নরসিংদীতে হলেও তিনি মিরপুরের পর্বত সেনপাড়া এলাকায় বসবাস করতেন। ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে ইসিবি চত্বরের কাছে অবস্থিত সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, তাণ্ডব ও লুটপাটের ঘটনা ঘটে, যেখানে অনিক সরাসরি অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও যুবলীগ নেতা মাইনুল হোসেন নিখিলের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন অনিক। কাফরুল, ভাষানটেক, পল্লবী ও ক্যান্টনমেন্ট এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে তাঁর হাত ছিল বলে বহু অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে জানা গেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন