কটিয়াদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ
কটিয়াদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কটিয়াদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি কটিয়াদী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল, মাহবুবুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল এবং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু।

এছাড়া কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুল রহমান সজল, উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেতুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের বিশৃঙ্খলা বা দাঙ্গা-হাঙ্গামা তৈরির চেষ্টা করলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে হবে। কটিয়াদীর মাটিতে তাদের কোনো স্থান হবে না। তারা আগামী কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বক্তব্য শেষে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন