ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহী গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত গমনের চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা চেকপোস্টে আসেন নাসিমুল। সেখানে পাসপোর্ট যাচাই-বাছাইকালে তাঁর বিরুদ্ধে আইনগত জটিলতার তথ্য ওঠে আসে। পরবর্তীতে গোদাগাড়ী মডেল থানায় যোগাযোগ করে তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা থাকার বিষয়ে নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) তারেক জানান, মামলায় অভিযুক্ত থাকায় নাসিমুলকে গ্রেপ্তারের পর দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকে সংশ্লিষ্ট গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এআইএল/সকালবেলা