পুলিশ পদক নিয়ে ফের বিতর্ক

প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
পুলিশ পদক নিয়ে ফের বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: পুলিশে সাহসিকতা, কর্মদক্ষতা এবং সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে সাধারণত অত্যন্ত সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ (পিপিএম) দেওয়া হয়। তবে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ প্রশাসনে আমূল পরিবর্তন এলেও, এবারের পুলিশ পদক নিয়ে সেই পুরোনো বিতর্ক ও অসন্তোষ আবারও চাঙ্গা হয়ে উঠেছে।

আগামী ১০ মে ২০২৬ থেকে শুরু হতে যাওয়া ৪ দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীতদের হাতে পদক তুলে দেবেন। তবে এ বছর পদকের জন্য মনোনীত ১০৯ জনের তালিকা প্রকাশের পর খোদ পুলিশ বাহিনীর ভেতরেই তীব্র ক্ষোভ ও গ্রুপিংয়ের খবর সামনে এসেছে।

অনুসন্ধানে জানা গেছে, এবারের তালিকায় এমন ১১ জন কর্মকর্তা রয়েছেন, যারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়েও ‘দলীয় আনুগত্য’ কিংবা বিতর্কিত কর্মকাণ্ডের পুরস্কার হিসেবে পদক পেয়েছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা এখন জেলা কোটা কিংবা অভ্যন্তরীণ গ্রুপিংয়ের জোরে লবিং করে আবারও তালিকায় নাম তুলেছেন।

এই তালিকায় রয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি, র‌্যাব ১২-এর অ্যাডিশনাল ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুজ্জামানসহ বেশ কয়েকজন পরিদর্শক ও কনস্টেবল।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) এসআই গোলাম মূর্তজাকে নিয়ে। অভিযোগ রয়েছে, বোম্ব ডিসপোজাল টিমের যোগ্য নায়েক ও কনস্টেবলদের বাদ দিয়ে বর্তমান এক প্রভাবশালী অতিরিক্ত আইজিপির ‘ভাগনে কোটায়’ তাঁকে এই পদক দেওয়া হচ্ছে। এছাড়া গত সাধারণ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা নিয়ে বিতর্কিত ভূমিকা রাখা এক ডিআইজিকেও পদক দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা নিয়ে পদক কমিটির বৈঠকেই তীব্র মতভেদ তৈরি হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন এসপি পদমর্যাদার কর্মকর্তা আক্ষেপ করে বলেন, “আওয়ামী আমলে ভালো কাজ করেও বিএনপি ঘরানার তকমা দিয়ে আমাদের নাম কেটে দেওয়া হয়েছিল। আশা করেছিলাম এবার মূল্যায়ন পাব, কিন্তু এবারও ইউনিট থেকে আমাদের বাদ দিয়ে প্রভাবশালীদের সুবিধা দেওয়া হয়েছে।”

এই বিতর্ক প্রসঙ্গে পদক প্রদান কমিটির সভাপতি ও অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, “বিতর্কের ঊর্ধ্বে কেউ নন, তবে আমরা সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছি। যারা অতীতে বঞ্চিত হয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে পারফরম্যান্স না থাকলে শুধু বঞ্চনার খাতিরে পদক দেওয়া যায় না। আর ভাগনে কোটার বিষয়টি আমাদের জানা ছিল না।”

পুলিশের সাবেক আইজি আব্দুল কাইয়ুম এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, বিগত সরকারের আমলে কাজ না করেই অনেকে পদক পেয়েছেন, আর যোগ্যরা বঞ্চিত হয়েছেন। বর্তমান সময়ে এসে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনায় পদক দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। রাষ্ট্র ও সরকারের উচিত এই তালিকা গুরুত্ব দিয়ে রিভিউ করা।