আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। তিনি বলেন, "স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।"

রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের এই প্যারেড কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি তাঁদের শৃঙ্খলা ও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের পর ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, "বছরের পর বছর নির্যাতিত মানুষ এখন শান্তি ও নিরাপত্তা চায়। এই নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তায় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন—এটাই সরকারের প্রত্যাশা।"

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, উপযুক্ত পরিবেশে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ সদস্যদের আন্তর্জাতিক স্বীকৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশের মতো দেশের মানুষের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট টেনে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ চট্টগ্রামে মেজর জিয়ার ‘উই রিভোল্ট’ এবং ঢাকার রাজারবাগে পুলিশের প্রতিরোধ ছিল স্বাধীনতার লড়াইয়ের অবিস্মরণীয় মুহূর্ত। তবে সেই উত্তাল সময়ে সব পুলিশ সদস্যকে রাজারবাগে এক জায়গায় জড়ো করে রাখার তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কৌশলটি নিয়ে নতুন করে গবেষণার অবকাশ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হলো, যেখানে সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য পুলিশ সদস্যদের পদক প্রদান করা হয়।