কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, তীব্র উত্তেজনা
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধান ও চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে স্থানীয় দুটি সংগঠন। এ ঘটনাকে কেন্দ্র করে মিশন প্রাঙ্গণে তীব্র উত্তেজনা তৈরি হয়।
শনিবার (৩ অক্টোবর) 'বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান' ও রাজনৈতিক দল 'ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া' (এনসিপিআই)-র যৌথ উদ্যোগে এ প্রতিবাদ মিছিল ও ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়।
দুপুরে শিয়ালদহ রেল স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাংলাদেশ ডেপুটেশন অফিসের দিকে অগ্রসর হতে থাকে। এতে শতাধিক সন্ন্যাসী-সন্ন্যাসিনী ও অর্ধশতাধিক এনসিপিআই সদস্য অংশ নেন। নিরাপত্তার স্বার্থে হাইকমিশন কার্যালয় থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড তুলে প্রতিরোধ গড়ে তোলে কলকাতা পুলিশ।
বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মিশন সংলগ্ন প্রধান সড়কে যানবাহন চলাচল থমকে যায় এবং পুরো এলাকা থমথমে হয়ে পড়ে।
পরবর্তীতে প্রশাসনিক মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটি হাইকমিশনের ভেতরে প্রবেশের অনুমতি পায়। তারা স্মারকলিপি জমা দিয়ে ডেপুটেশন প্রাঙ্গণ ত্যাগ করলে পরিবেশ পুনরায় স্বাভাবিক হয়।
এআইএল/সকালবেলা