ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন
অনলাইন ডেস্ক: সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে। এছাড়া এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন মোট ৮৪ হাজার ৩৬৯ জন রোগী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যেখানে এ পর্যন্ত সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদায়ী সেপ্টেম্বর মাসেই সারা দেশে রেকর্ড ১৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষকে মশারি ব্যবহারসহ প্রয়োজনীয় সচেতনতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।