হইচইয়ে আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ
হইচইয়ে আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

বিনোদন প্রতিবেদক: প্রচলিত বাণিজ্যিক মশলাদার সিনেমার বৃত্ত থেকে বেরিয়ে এসে চার নারীর জীবনসংগ্রাম ও টানটান রহস্যের প্রেক্ষাপটে তৈরি নির্মাতা রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’। ২০২৬ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর সাধারণ দর্শক ও বোদ্ধামহলে কুড়িয়েছিল দারুণ প্রশংসা। প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দর্শকদের জন্য ওটিটিতে হাজির হচ্ছে সিনেমাটি।

বেশ কিছুদিন ধরেই সিনেমাটির ওটিটি মুক্তি নিয়ে সিনেপাড়ায় নানা গুঞ্জন চলছিল। অবশেষে শুক্রবার (২ অক্টোবর) সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই' বাংলাদেশ সিনেমাটির মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেছে। আগামী ৮ অক্টোবর থেকে অনলাইন স্ট্রিমিং অ্যাপ 'হইচই'-এ দেখা যাবে ছবিটি।

মুক্তির তারিখ সংক্রান্ত এক বিশেষ বার্তায় হইচই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে প্রেশার কুকারের সিটি?’

সিনেমাটি মুক্তির সময় প্রেক্ষাগৃহে গিয়ে যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি, ওটিটি বিজ্ঞপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আগ্রহ লক্ষ্য করা গেছে। ওটিটিতে মুক্তি পাওয়ায় এবার দেশে ও দেশের বাইরের দর্শকেরা সহজেই ঘরে বসে উপভোগ করতে পারবেন বিশেষ এই থ্রিলার সিনেমাটি।

‘প্রেশার কুকার’ সিনেমার প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ও পার্শ্বচরিত্রে রূপদান করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি। পাশাপাশি বিশেষ অতিথি চরিত্রে দর্শক মাতিয়েছেন তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী।

মন্তব্য করুন