মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: মাদানী

প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ণ
মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: মাদানী

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ড ও পশ্চিমাদের সমর্থন লাভের চেষ্টার তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। পশ্চিমাদের সন্তুষ্ট করতে গিয়ে দলকে ইসলামি মূল্যবোধ থেকে সরে না আসার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) দেয়া এক পোস্টে জামায়াতের এক নারী নেত্রীর কঠোর সমালোচনা করে মাদানী লেখেন, ‘মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে।’ তিনি তুলনামূলক মন্তব্য করে আরও লেখেন, ‘আওয়ামী লীগেরটা খোলামেলা, সে বাউল শিল্পী, তার কাজও সরাসরি, সে ওপেন ফাইট্টা যায় ছিঁইড়া যায় বলত! আর এটা হিজাব পরে ইসলামের নামে ধোঁকা দিয়ে সবকিছু ফাটাইলতাছে, ছিঁড়ালতাছে, ইসলামের ক্ষতি করতাছে!’

জামায়াতের রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, পশ্চিমাদের কাছ থেকে ক্ষমতার সমর্থন পেতে দলটি দেশের ইসলামপন্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজন ও সেখানে এক নারী সংসদ সদস্যের পুরস্কার বিতরণের বিষয়টিকেও তিনি ইতিবাচকভাবে দেখেননি বলে উল্লেখ করেন।

তবে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মীর সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কথা স্মরণ করে মাদানী জানান, সাধারণ কর্মীদের প্রতি তাঁর পূর্ণ সহানুভূতি রয়েছে। কিন্তু পশ্চিমাদের খুশি করার নামে ইসলামের মৌলিক নীতির ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, তবে দলটির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে জামায়াত-শিবিরের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতি ও অগণিত নেতাকর্মীর ত্যাগের সঙ্গে যুক্ত এই দলটির ভাবমূর্তি ও ঐতিহ্য যেন ক্ষুণ্ন না করা হয়।

এআইএল/সকালবেলা