মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন রুকন ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের কাচারী বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মসজিদের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মো. রমজান আলী, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, নায়েবে আমীর আজিজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন ও উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম। এ সময় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে আখতারুজ্জামান রঞ্জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।
সমাবেশে জামায়াত নেতারা অবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এআইএল/সকালবেলা