টিকিট কাটা নিয়ে সংঘর্ষে আহত ১০, মহাসড়ক অবরুদ্ধ
কালকিনি ও ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: বরিশালগামী লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী সীমান্ত এলাকায় দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাতে কালকিনি উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রামের অসুস্থ এমারত ঘরামী ভূরঘাটা কাউন্টারে বাসের সামনের সিটের টিকিট দাবি করেন। তখন কাউন্টার সুপারভাইজার ও কর্মচারী সবুজ ফকিরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ ফকিরের স্বজন আকাশ ফকির এমারতকে মারধর করেন। ঘটনার মীমাংসার উদ্দেশ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন নিয়ে কাউন্টারে গেলে ফের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এরই জেরে শুক্রবার রাতে কালকিনির ভূরঘাটা মজিদবাড়ি ও গৌরনদীর খাঞ্জাপুর এলাকার শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভূরঘাটা সেতুর ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মো. জান্নাত (২৬), আল-আমিন (৩৩) ও মো. শান্তসহ (১৬) অন্তত ১০ জন আহত হন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উভয় থানার পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, বাস টিকিট নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এআইএল/সকালবেলা