যাত্রী ও পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা ও বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌপথে যাত্রী, কোরবানির পশু এবং পণ্যবাহী জাহাজ চলাচলে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
রোববার (১০ মে) সকালে ঢাকা লেডিস ক্লাবে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, "ঈদে যাত্রী ও পশু পরিবহনে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। সর্বোচ্চ মনিটরিং করা হবে এবং যেখানে গাফিলতি পাওয়া যাবে, সেখানেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।" তিনি নৌযান মালিক ও শ্রমিকদের অগ্রিম সতর্ক করে দেন যেন অনিয়মের কারণে পরে কাউকে শাস্তির মুখে পড়তে না হয়।
রাজিব আহসান উল্লেখ করেন যে, নৌপথ সড়ক বা আকাশপথের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী ও আরামদায়ক। নৌপথে দুর্ঘটনার হার বর্তমানে অনেক কম উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত মনিটরিং ও দায়িত্বশীলতা বাড়ালে এই হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। বিশেষ করে ফিটনেসবিহীন নৌযান ও অননুমোদিত ছোট ট্রলারের বিরুদ্ধে নৌ পুলিশ ও কোস্টগার্ডকে কঠোর নজরদারি করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সামান্য সময় বাঁচাতে ঝুঁকিপূর্ণ ট্রলার বা স্পিডবোটে যাত্রা করবেন না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নৌযান মালিক ও নাবিকরা মিলে দায়িত্বশীলভাবে কাজ করলে নৌপথের হারানো ঐতিহ্য আবারও ফিরিয়ে আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌ সচিব জাকারিয়া এবং বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে আধুনিক ও সময়োপযোগী নৌযান চালুর ওপর গুরুত্বারোপ করেন।