স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে কোইকার কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোইকা) কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম।
সোমবার (১১ মে) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও কোইকার মধ্যে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দারিদ্র্যবিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ুসহিষ্ণু অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ এবং টেকসই গ্রামীণ উন্নয়ন বিষয়ে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ কথা বলেন।
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রামীণ জনপদে টেকসই উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে কোরিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম বাংলাদেশের উন্নয়ন যাত্রায় তাঁদের সংস্থা পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন। বৈঠকে বাংলাদেশ ও কোরিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে কোইকা বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জুনসু কিম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তর প্রধানেরা উপস্থিত ছিলেন।