নবীজির আগমন সারা বিশ্বের জন্য রহমত: রিজভী

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ
নবীজির আগমন সারা বিশ্বের জন্য রহমত: রিজভী

সকালবেলা ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র ধরাধামে শুভাগমনের মধ্য দিয়ে সমগ্র বিশ্বজাহানে রহমত ও করুণার অবারিত ধারা উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।

বাণীতে রিজভী বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর এ মহাসপ্তাহে বিশ্বমঞ্চে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের অবির্ভাব ঘটেছিল। সততা, নম্রতা, ন্যায়পরায়ণতা ও অসাম্প্রদায়িক মানবিক বোধ অর্জনে রাসুলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত আলোকোজ্জ্বল পথই মানবজাতির জন্য একমাত্র আদর্শ। এ প্রবিত্র দিন উপলক্ষে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর সর্বাঙ্গীণ শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আন্তরিক মোবারকবাদ জানান।

তিনি আরও উল্লেখ করেন, রাসুল (সা.) বিশ্ববাসীর জন্য ছিলেন এক চিরন্তন দিশারি। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তাঁর অকুতোভয় সংগ্রাম এবং আমানতদারিতা চিরকাল অনুপ্রেরণা জুগিয়ে যাবে। তাঁর ওপর অবতীর্ণ মহাগ্রন্থ আল-কোরআনের নীতি অনুসরণ করে প্রতিটি মানুষ নিজ জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ করে গড়ে তুলতে পারে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন