দেশের মানুষ আইনের শাসন দেখতে চায়: রিজভী
সকালবেলা প্রতিবেদক: সাধারণ মানুষ জীবনধারণের সুযোগের পাশাপাশি দেশে আইনি শাসন দেখতে চায়; তাই যে-ই অন্যায় করুক তাকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান। এ সময় তিনি আশা প্রকাশ করেন, সরকারের মন্ত্রী ও সকল সদস্য নিজ নিজ ক্ষেত্রে পূর্ণ জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
বক্তব্যে রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানান রিজভী। দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি খুব একটা খারাপ না হলেও এখান থেকে আরও উত্তরণ ও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, যে অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাওয়া গিয়েছিল, সেখান থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সমন্বিত কাজ চলছে। সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে পুলিশের হারিয়ে যাওয়া মনোবল ফিরে এসেছে উল্লেখ করে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি প্রতিটি অপরাধের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে।
এআইএল/সকালবেলা
|