মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির তাগিদ প্রধানমন্ত্রীর

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির তাগিদ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: দেশের সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্য অর্জনে প্রচলিত আদালতের দীর্ঘসূত্রতার বাইরে গিয়ে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ আইনের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে তিন দিনব্যাপী দেশব্যাপী ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, আলোচনা, মধ্যস্থতা, সালিশ কিংবা পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি করা গেলে একদিকে যেমন আদালতে বিচারাধীন মামলার বিশাল জট কমবে, অন্যদিকে সাধারণ মানুষের মূল্যবান সময় ও অর্থ অপচয় রোধ হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিগত দেড় দশকে ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে পিষ্ট দেশের জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে নিজেদের অধিকারের প্রকৃত প্রতিফলন দেখতে চায়। বর্তমান সরকার প্রতিটি জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে দায়বদ্ধ এবং নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা বাস্তবায়নে বদ্ধপরিকর। নাগরিকদের হাতের মুঠোয় দ্রুত ভূমিসেবা পৌঁছে দিতে ইতিমধ্যে ‘ভূমি’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এই সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, ভূমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং তথ্যপ্রযুক্তি নির্ভর করা যাবে, জালিয়াতি ও বিরোধ নিষ্পত্তির পথ তত সহজ হবে। অনলাইন সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগী ও দালাল চক্রের দৌরাত্ম্য সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেন।