ঢাকার যানজট দূর করতে প্রধানমন্ত্রীর মেগা প্ল্যান: কেরানীগঞ্জে সরছে ফুলবাড়িয়া টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা এবং সামগ্রিক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের নীতি-নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা মহানগরীর ট্রাফিক পরিস্থিতি, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের যানজট, গণপরিবহন পুনর্বিন্যাস, বাস টার্মিনাল স্থানান্তর, পার্কিং সংকট ও অবৈধ যান চলাচল বন্ধে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে রাজধানীর এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারগুলোর টোল প্লাজায় দ্রুত যান চলাচল নিশ্চিত করতে আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়। টোল আদায়কে শতভাগ প্রযুক্তিনির্ভর ও ভোগান্তিহীন করতে একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরির নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আগামী চার মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ডেডলাইন বেঁধে দেন।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের মুখ ও সংলগ্ন এলাকায় নিত্যদিনের ভয়াবহ যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূর্বে প্রস্তুত করা ট্রাফিক প্রতিবেদন পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়। বুয়েটকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সুপারিশসহ হালনাগাদ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, যা পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হবে।
ঢাকার কেন্দ্রস্থলের ওপর গণপরিবহনের অতিরিক্ত চাপ কমাতে গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। দীর্ঘমেয়াদি টার্মিনাল নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে জমি অধিগ্রহণের পাশাপাশি তাৎক্ষণিক সমাধান হিসেবে আগামী চার মাসের মধ্যে কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকার প্রবেশমুখ নির্বিঘ্ন করতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ দ্রুত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত কারওয়ান বাজারের পাইকারি কিচেন মার্কেট দ্রুততম সময়ে গাবতলীতে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন সরকারপ্রধান।
সচিবালয় ও আশপাশের ভিআইপি সড়কে শৃঙ্খলার স্বার্থে পার্কিং ব্যবস্থাপনার আধুনিকায়নে ওসমানী স্মৃতি মিলনায়তনের স্পেস ব্যবহারের সম্ভাব্যতা যাচাই এবং নতুন বিকল্প পার্কিং স্পট নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নগরজুড়ে প্যাডেল ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলকে সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে একটি নতুন সময়োপযোগী নীতিমালা প্রণয়নের পাশাপাশি দূরপাল্লার অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যানজট নিরসনে আন্তঃসংস্থা সমন্বয়হীনতা পরিহার করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।