সরকারি খরচে অপ্রয়োজনীয় বিদেশ সফরে আবারও প্রধানমন্ত্রীর আপত্তি
অনলাইন ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান প্রকৌশলী নন, তাই স্ট্রিট লাইটিং প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের জন্য তার বিদেশ সফরের প্রয়োজন নেই—সম্প্রতি একটি সরকারি প্রস্তাবের ফাইলে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। ফাইলের মন্তব্যে প্রধানমন্ত্রী একই সঙ্গে বলেছেন, প্রয়োজনে কেবল নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান ওই সফরে যেতে পারেন। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী প্রকল্পে বুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেন তিনি।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফ্রান্সের সিগনিফাইয়ের আমন্ত্রণে আধুনিক স্ট্রিট লাইটিং প্রযুক্তি পরিদর্শন ও প্রশিক্ষণের জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামানকে ফ্রান্স সফরে পাঠানোর একটি প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী এই কঠোর অবস্থান নেন।
তবে এটিই প্রথম নয়, সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন প্রস্তাবের ফাইলে প্রধানমন্ত্রীর এমন একাধিক মন্তব্য প্রশাসনিক মহলে বেশ আলোচনা তৈরি করেছে। এর আগে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সংক্রান্ত একটি বিদেশ সফরের প্রস্তাবেও তিনি প্রয়োজনীয়তা ও যৌক্তিকতার প্রশ্ন তোলেন। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে সফরের বাস্তব প্রয়োজন কতটা, সে বিষয়টিই মূলত তাঁর পর্যবেক্ষণে বারবার গুরুত্ব পাচ্ছে।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর এসব মন্তব্যে সরকারি ব্যয়ের যৌক্তিক ব্যবহার, দায়িত্বের সঙ্গে যোগ্যতার সামঞ্জস্য এবং বিশেষজ্ঞদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপের একটি স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে।