চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী
বিশেষ সংবাদদাতা: ঢাকা ও বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগের জন্য চীন থেকে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন আনার প্রস্তাব পর্যালোচনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
বিমানমন্ত্রী বলেন, "সারাদেশে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের অংশ হিসেবে চীন থেকে উচ্চগতির ট্রেন আমদানির বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। দেশের চাহিদানুযায়ী ট্রেনের গতি নির্ধারণ করা হবে, যা সামগ্রিক পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে।"
ক্ষমতাচ্যুত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া কোনো শাসক দলের পুনরায় ক্ষমতায় ফেরার ইতিহাস পৃথিবীতে নেই। ক্ষমতাচ্যুত নেতাকর্মীদের অবাস্তব স্বপ্ন না দেখে নিজেদের শুধরে নেওয়ার পরামর্শ দেন তিনি।
বিমানবন্দর সম্প্রসারণ প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, দেশে বর্তমানে সচল ৮টি বিমানবন্দরের সেবা আধুনিকায়নের কাজ চলছে। নতুন এয়ারক্রাফট যুক্ত করার পাশাপাশি আগামী এক দশকের মধ্যে ময়মনসিংহ বিভাগে একটি নতুন বিমানবন্দর নির্মাণের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নিক নেম: এআইএল/সকালবেলা