স্বাস্থ্য খাতে ১৭ বছর কোনো জবাবদিহিতা ছিল না: নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
স্বাস্থ্য খাতে ১৭ বছর কোনো জবাবদিহিতা ছিল না: নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় ডেস্ক :বিগত ১৭ বছর ধরে দেশের স্বাস্থ্য খাতে কোনো প্রকার জবাবদিহিতা ছিল না উল্লেখ করে বর্তমান সরকার মাত্র ৬ মাসে এই খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরানোর লক্ষ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াৎ হোসেন।

রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ফার্মেসি ও রান্নাঘর ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের কাছে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনের সময় স্টকে বিনামূল্যে পর্যাপ্ত স্যালাইন থাকা সত্ত্বেও এক রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য করায় সেই টাকার অর্থ ফেরত দেওয়ানোর পাশাপাশি দায়ী নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া যথাসময়ে উপস্থিত না থাকায় এক চিকিৎসকের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ব্যবস্থার তাগিদ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের স্বাস্থ্য সেবাকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে আড়াই হাজার নার্স, আড়াই হাজার ফার্মাসিস্টসহ প্রায় ৯ হাজার ৫০০ নতুন জনবল নিয়োগের কাজ শুরু হয়েছে। পাশাপাশি খুব শিগগিরই ৫ হাজার নতুন চিকিৎসক নিয়োগের আনুষ্ঠানিকতা শেষ হতে যাচ্ছে।

বিশেষ করে কিডনি রোগীদের ঢাকা মুখী নির্ভরতা কমাতে প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০টি ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস বেড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ মাসের মধ্যেই জেলা পর্যায়ে এই সেবা পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন