আমি নেশাখোরের জন্য পুলিশকে ফোন করি না: এমপি রতন
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “আমি কোনো নেশাখোরের জন্য পুলিশকে ফোন করি না। পুলিশের কোনো সদস্যের সঙ্গে যদি মাদক বিক্রেতাদের সম্পর্ক থাকে, তবে এখনই সরে আসুন”— মাদক কারবারি ও সেবীদের উদ্দেশ্যে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
মাদকের কুফল তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা মারা গেলে দেহ যাবে পঁচে, পরিবার থাকবে শোকে; আর নেশা করে মারা গেলে ধিক্কার দেবে লোকে।” এ সময় তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মী, কমিউনিটি পুলিশসহ সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে মাদক, জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক বলেন, “দলীয় কোনো নেতাকর্মী যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তবে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
গজারিয়া উপজেলা প্রশাসন ও কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন— মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ক্রাইম) মো. কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহমেদ ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ, গজারিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুহাম্মদ আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম পিন্টু, জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মী শেখ নজরুল ইসলাম, মানবাধিকার কর্মী এস এম নাসিরউদ্দীন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না এবং জেলা জাসাসের আহ্বায়ক মো. হাসান জাহাঙ্গীর প্রমুখ।
সভায় বক্তারা গজারিয়াসহ পুরো মুন্সীগঞ্জ জেলাকে মাদক ও কিশোর অপরাধমুক্ত করতে পুলিশি তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন।
এআইএল/সকালবেলা
|