১৬টি সংস্থা থাকার পরও নৌ ব্যবস্থাপনায় কেন ঘাটতি? প্রশ্ন তুললেন নৌমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন খাতের শ্রমিক, নাবিক, মালিক ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার মধ্যে অসন্তোষ ও সমন্বয়হীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, একটি নৌযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ১৬টি সংস্থা মন্ত্রণালয়ের অধীনে থাকা সত্ত্বেও ব্যবস্থাপনায় কিছু ঘাটতি ও অপূর্ণতা রয়ে যাচ্ছে।
রোববার (১০ মে) রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ব্যবস্থাপনার এই ত্রুটির দায় এককভাবে কারও নয়, বরং সবার। রাষ্ট্রকে এগিয়ে নিতে মালিক, শ্রমিক ও সরকারি কর্মকর্তাদের সম্মিলিতভাবে দায়িত্বশীল হতে হবে।
মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথের বিশাল সম্ভাবনা রয়েছে। বর্তমানে সাড়ে সাত হাজার কিলোমিটার সচল রাখা হয়েছে এবং আরও ১২০০ কিলোমিটারে ড্রেজিং চলছে। তবে নৌযান ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের মধ্যে এখনও জরাজীর্ণতা ও শৃঙ্খলার অভাব লক্ষ্য করা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, মেধা ও শ্রমের সঠিক বিনিয়োগের মাধ্যমে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই দেশের নৌ ব্যবস্থাপনার চিত্র বদলে দেওয়া সম্ভব।
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কর্মকর্তাদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়ে শেখ রবিউল আলম বলেন, সদরঘাটে আগের চেয়ে ব্যবস্থাপনার উন্নতি হয়েছে। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও নিশ্ছিদ্র প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এছাড়াও নৌ সচিব জাকারিয়া, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।