এবার পশুর হাটে থাকতে পারে সেনাবাহিনী-বিজিবি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের শৃঙ্খলা রক্ষা এবং যানজট নিরসনে পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৬ মে ২০২৬) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, পশুর হাটগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি প্রয়োজন হলে সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা হবে। র্যাবও সক্রিয় থাকবে।” এছাড়া প্রতিটি হাটে জরুরি চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য ক্যাম্প স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবছর গাবতলীসহ বিভিন্ন পশুর হাটকে কেন্দ্র করে সড়কে যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, তা নিরসনে এবার কঠোর অবস্থানে সরকার। মন্ত্রী স্পষ্ট করে বলেন, “এবার ঢাকা শহরসহ সারাদেশের কোনো প্রধান সড়কেই পশুর হাট বসানো যাবে না।” যত্রতত্র হাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
হাটে আসা ব্যাপারীদের নিরাপত্তা এবং চাঁদাবাজি বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে জানানো হয়েছে, পশুর হাটে হাসিল আদায় এবং ইজারা সংক্রান্ত নিয়ম যাতে যথাযথভাবে পালন করা হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
পরিদর্শনকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
জান্নাত/সকালবেলা