‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
জুলাই-আগস্টের ছাত্র-আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ বা মরণাস্ত্র ব্যবহার করে সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ রবিবার (১০ মে) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের মধ্যকার এক কথোপকথনে এই নির্দেশনার প্রমাণ পাওয়া যায়। সেখানে বলা হয়েছিল— যেখানে পাওয়া যাবে, সেখানেই যেন সরাসরি গুলি চালানো হয়। একজন সরকারপ্রধানের এমন অমানবিক নির্দেশনার ফলেই সারাদেশে নির্বিচারে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে।
এদিন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর উল্লেখ করেন, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুরে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। বিশেষ করে শিশু ফাইয়াজকে নির্মমভাবে হত্যার ঘটনায় পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল।
চিফ প্রসিকিউটর জানান, এই মামলায় সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি (ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতা), ব্যক্তিগত দায়বদ্ধতা ও সুপরিকল্পিত হত্যার অভিযোগ পাওয়া গেছে। ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেছেন এবং আগামী ৮ জুন থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
জান্নাত/সকালবেলা