ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট মামলাটির শুনানি আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির তাঁর ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্টের বিজয়-১৪ নম্বর কোর্টে বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-কে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং অবৈধ ঘোষণার আর্জি জানানো হয়েছে। রিট আবেদনে উল্লেখ করা হয়েছে যে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সনদের যাবতীয় কার্যক্রম যেন স্থগিত রাখা হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং জাতীয় ঐকমত্য কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশ সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়। এর ভিত্তিতে গত বছরের ১৭ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সনদে স্বাক্ষর করেন। এটি মূলত রাষ্ট্র সংস্কারের একটি রাজনৈতিক অঙ্গীকারনামা বা দলিল হিসেবে বিবেচিত। তবে এই দলিলের বৈধতা নিয়েই এখন আইনি চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ