জামিন পেলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ণ
জামিন পেলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম সরদার (১৭) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা হয়। ১২ সেপ্টেম্বর সিয়ামের বাবা সোহাগ সরদার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন, যেখানে আসাদুজ্জামান নূরকেও আসামি করা হয়। এ ছাড়া রমনা থানার একটি হত্যা মামলায়ও তাঁকে গ্রেফতার দেখানো হয়েছিল।

২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৬ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দীর্ঘ কয়েক মাস কারাগারে থাকার পর আজ উচ্চ আদালত থেকে তিনি জামিন পেলেন।