দুই যুগ পর বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হচ্ছে আহমদ ছফার কবর
নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর দুই যুগ পর আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী এবং প্রথাবিরোধী লেখক ও বুদ্ধিজীবী আহমদ ছফার কবর মিরপুরের সাধারণ কবরস্থান থেকে সরিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
চলতি বছরের ১১ জানুয়ারি আহমদ ছফার পরিবারের পক্ষে তাঁর ভাইয়ের ছেলে নূরুল আনোয়ার কবর স্থানান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএনসিসির ১৪তম করপোরেশন সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন।
আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সমাজ সংস্কারে আহমদ ছফার অসামান্য অবদান থাকলেও তাঁকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। পরিবারের পক্ষ থেকে নূরুল আনোয়ার জানান, সাধারণ কবরস্থানে কোনো কবর স্থায়ী থাকে না, নির্দিষ্ট সময় পর তা ভেঙে ফেলা হয়। আহমদ ছফার মতো ব্যক্তিত্বের স্মৃতি স্থায়ীভাবে সংরক্ষণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১৩ এপ্রিল ডিএনসিসির সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর আবেদনটি দ্রুত অনুমোদন পায়। নূরুল আনোয়ার গণমাধ্যমকে বলেন, “আহমদ ছফার মহাপ্রয়াণের পর থেকেই আমাদের দাবি ছিল তাঁকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা। অন্তর্বর্তী সরকারের সময় প্রক্রিয়াটি শুরু হয়েছিল এবং বর্তমান সরকার তাঁর প্রাপ্য মর্যাদা দিতে এটি অনুমোদন করেছে।”
আহমদ ছফা তাঁর ক্ষুরধার লেখনী ও স্বাধীনচেতা চিন্তার জন্য বাংলা সাহিত্যে এক অনন্য স্থান দখল করে আছেন। এই কবর স্থানান্তরের মাধ্যমে তাঁকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো সম্ভব হবে বলে মনে করছেন সাহিত্য অনুরাগী ও তাঁর স্বজনরা।