নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান
ছবি: ইউএনবি

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া বাধার মুখে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। ফলে ভুক্তভোগী ব্যক্তিরা বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

আজ বুধবার (২৪ জুন) সকালে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার আদাতলা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতীয় ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা এই ৯ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেন। আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩টি শিশু রয়েছে।

অনুপ্রবেশের খবর পাওয়ার পরপরই সাপাহার উপজেলার আদাতলা বিওপির বিজিবির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে ওই ৯ ব্যক্তি ভারত ও বাংলাদেশের দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, খবর পাওয়ার পর থেকে ওই এলাকায় টহল ও নজরদারি ব্যাপক বৃদ্ধি করা হয়েছে। ওই ৯ জনসহ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর (পুশব্যাক) আইনি কার্যক্রম ও প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন