ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিমানমন্ত্রীর

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ণ
ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিমানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ হস্তান্তরে সময় কমিয়ে আনা এবং যাত্রীসেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনকালে দুপুরে জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট অবতরণ করলে উড়োজাহাজের কার্গো হোল্ড খোলা থেকে শুরু করে যাত্রীদের হাতে ব্যাগেজ পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া সরেজমিনে তদারকি করেন মন্ত্রী।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিমানবন্দরে ব্যাগেজ সরবরাহের সময় কমাতে উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট ও কার্গো হোল্ড খোলার সময়সীমায় সুনির্দিষ্ট সমন্বয় রাখতে হবে। পাশাপাশি ফ্লাইট পৌঁছানোর আগেই গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার তাগিদ দেন তিনি। সেবায় স্বচ্ছতা আনতে ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের অগ্রগতি প্রদর্শনে বিমানবন্দরে 'লাইভ মনিটরিং স্ক্রিন' স্থাপনের নির্দেশ দেন মন্ত্রী।

পরিদর্শনকালে তিনি টার্মিনালের বিভিন্ন ওয়াশরুম ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন